রায়গঞ্জ: নির্বাচনের প্রচারে এসে মঙ্গলবার রায়গঞ্জের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বাংলায় বিজেপির ক্রমবর্ধমান উত্থানের জন্য তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন। একইসঙ্গে এদিন উত্তরবঙ্গের উন্নয়নের রূপকার হিসেবে প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির ভূয়সী প্রশংসা করেন তিনি।
রাজ্যে কর্মসংস্থান ও শিল্পের বেহাল দশা নিয়ে এদিন রাজ্য সরকারকে কড়া ভাষায় বিঁধেছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, ‘রাজ্যে কলকারখানা বন্ধ হওয়ার দায় মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় শিল্প শেষ করে দিয়েছেন। তিনি ৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর এখন ৮৪ লক্ষ মানুষ বেকার ভাতার জন্য লাইন দিয়েছেন। তৃণমূল যদি রাজ্যে সুশাসন দিতে পারত এবং হিংসা না ছড়াত, তবে বাংলায় বিজেপির চিহ্ন দেখা যেত না কোনও দিন।’
উত্তরবঙ্গের রাজনীতিতে প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির অবদান স্মরণ করে কংগ্রেস নেতা বলেন, ‘আমি হলফ করে বলতে পারি, আজ যদি প্রিয়দা বেঁচে থাকতেন, তবে বাংলায় আজ কংগ্রেসের সরকার থাকত এবং তিনিই হতেন মুখ্যমন্ত্রী। রায়গঞ্জ ও কালিয়াগঞ্জের আধুনিকায়নে প্রিয়রঞ্জনের অবদানের সারাজীবন মানুষ মনে রাখবেন। তিনিই ছিলেন উত্তরবঙ্গের উন্নয়নের প্রকৃত কাণ্ডারি।’
তৃণমূল কংগ্রেসের পাশাপাশি এদিন বিজেপি এবং আরএসএস-কেও একযোগে আক্রমণ করেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভায় এখন আর আগের মতো তেজ নেই, বরং তাঁর হাওয়া বেরিয়ে গেছে। আরএসএস ও বিজেপির চিন্তাধারা সংবিধানকে ধ্বংস করেছে।’
