বেঙ্গল স্টোরিজ ডেস্ক : সোমবার সকালে ভোট গণনা শুরু হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ল শিলিগুড়ি কলেজের গণনাকেন্দ্রে (Siliguri)। পোস্টাল ব্যালট থাকা ছ’টি ট্রাঙ্কের মধ্যে চারটি আগে থেকেই খোলা ছিল বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তৃণমূল এজেন্টদের প্রতিবাদের জেরে শিলিগুড়ি কলেজ কেন্দ্রে থাকা শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া, এই তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের গণনা থমকে যায়।

তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় নির্বাচন কমিশনের সরাসরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে। তাঁদের অভিযোগ, গণনায় জালিয়াতি করার উদ্দেশ্যেই ট্রাঙ্কগুলির সিল আগে থেকে ভাঙা হয়েছে। অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে গণনাকেন্দ্রে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। জেলা নির্বাচনী আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখছেন, তবে কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এখবর লেখা পর্যন্ত ৬টার মধ্যে ৪টি বক্সের গণনা বন্ধ রয়েছে। তবে দুটির গণনা শুরু হয়েছে।