Bengal Stories Desk: ২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি। এদিন অন্নপূর্ণা পুজোর শুভক্ষণকে সাক্ষী রেখে ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে প্রথম জনসভা করেন মুখ্যমন্ত্রী। আর প্রথম সভাতেই তাঁর নিশানায় ছিল নির্বাচন কমিশন ও বিজেপির কথিত ‘আঁতাঁত’।

এদিনের সভা থেকে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তাঁর হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। পেট্রলের ক্রমবর্ধমান দামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “পেট্রলের দাম বাড়ছে। কিন্তু এখন আমার কিছু করার নেই। বিজেপি-কমিশন মিলে আমার থেকে সব কেড়ে নিয়েছে। তবে আমার কাছে মানুষ আছে।”

রাজনৈতিক আক্রমণের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের আবেগ ও স্থানীয় উন্নয়নের কথাও তুলে ধরেন তৃণমূল নেত্রী। মূলত চা-বলয়ের ভোটারদের মন জয় করতে তিনি তৃণমূল সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন। সাধারণ মানুষকে তৃণমূলের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বলেন, “আমরা শুধু প্রতিশ্রুতি দিই না, কাজ করে দেখাই।” চা-বাগানগুলিকে সচল রাখতে এবং চা-শ্রমিকদের জন্য চালু করা ‘চা সুন্দরী’ প্রকল্পের সুবিধা অব্যাহত রাখতে তিনি জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান।

উল্লেখ্য, উত্তরবঙ্গে প্রচার শুরু করার আগে মঙ্গলবার কলকাতা বিমানবন্দরেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী। সোমবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নির্বাচন কমিশনের একটি ছ’বছরের পুরনো নথি প্রকাশ্যে আনেন, যেখানে বিজেপির পদ্মফুল চিহ্ন-সহ সিল ব্যবহার করা হয়েছিল বলে দাবি করা হয়। সেই প্রসঙ্গ টেনেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছিলেন, “কমিশনের কাগজে বিজেপি পার্টির স্ট্যাম্প! পিছন থেকে খেলছেন কেন? সামনে এসে খেলুন।” ময়নাগুড়ির প্রথম সভাতেও সেই আগ্রাসী মেজাজেই ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *